পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি টাকা লেনদেন করে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়ার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমীর চন্দ্র খরাতী (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমীর চন্দ্র খরাতীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার নিজ বাড়ি থেকে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, তদন্তে দেখা গেছে, একটি বিকাশ অ্যাকাউন্টে মাত্র তিন ঘণ্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা লেনদেন হয়েছে। ওই অর্থ অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অনলাইন জুয়ার নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সাদী মোঃ হিমেল/এসএমডব্লিউ
