বিজ্ঞাপন

বন্দরে টয়োটা ক্লুগার থেকে কোটি টাকার গাঁজা জব্দ

বন্দরে টয়োটা ক্লুগার থেকে কোটি টাকার গাঁজা জব্দ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি টয়োটা ক্লুগার জিপ থেকে প্রায় ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বাহিনী।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি বড় চালানের গাঁজা নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে টয়োটা ক্লুগার জিপে থাকা এক ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন প্যাকেটে রাখা মোট প্রায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, জব্দ করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা ক্লুগার জিপটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃমীমরাজ হোসেন/এসএমডব্লিউ

 

বিজ্ঞাপন