বিজ্ঞাপন

ট্রেনের স্টাফের ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত, তদন্ত কমিটি গঠন

ট্রেনের স্টাফের ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত, তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় কোর্ট স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এতে সুন্দরবন এক্সপ্রেসে কুষ্টিয়ায় ১ ঘণ্টা ৪০ মিনিট ট্রেন আটকে ছিল ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এই ঘটনায় পাকশী বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন- সিআরএনবি, ডিটিও, ডিসিও, ডিএমই (সিএন্ডডব্লিউ) এবং ডিএমও। এই ঘটনায় আহতরা হলেন- শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)। পরে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রী ও রেল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক অপ্রীতিকর ঘটনার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। নির্ধারিত বিরতি শেষে ১২টা ৩০ মিনিটে ছেড়ে যায়। কিন্তু ছাড়ার মাত্র তিন মিনিট পর ১২টা ৩৩ মিনিটে ট্রেনের এসি চেইন পুল করে গাড়িটি থামিয়ে দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, ট্রেনের স্টাফদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এসি চেইন পুল করা হয়। এর ফলে দুপুর ২টা ১৩ মিনিট পর্যন্ত ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনেই দাঁড়িয়ে থাকে। যার ফলে মোট ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্ব ঘটে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি মাঠে কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার ( ২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়ার রেলওয়ে কোর্ট স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে ওঠে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ট্রেনের যাত্রীরা ও স্থানীয় জনতা বিক্ষোভ করে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। 

শাহিনুল আশিক/আরকে