বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানের নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অভিযোগ ও বিতর্কে জড়িত একজন কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। তারা একজন যোগ্য, সৎ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে এ পদে নিয়োগের দাবি জানান।
পরে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের নির্ধারিত শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান কার্যালয়ে উপস্থিত হননি। এ সময় তারা ডা. মনিরুজ্জামানের জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, একজন সৎ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।
আরেক শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। জনস্বার্থে বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন। এমন দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত ব্যক্তিকে বরিশালে দেখতে চাই না।
বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ ও লাবণ্য আক্তার, হাতেম আলী কলেজের মো. হাসিব এবং বরিশাল কলেজের শাওনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের অপসারণ এবং বরিশালের সিভিল সার্জন পদে একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে নিয়োগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।
আরকে
