নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পড়ে থাকা একটি তালাবদ্ধ ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার অভিযান চালায়। পরে এতে পাওয়া যায় কিছু কাপড়-চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে ব্যাগটি পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, স্টেশনটির ভেতরে এক নারী একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় কেউ ব্যাগটি নিতে না আসায় ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
এদিন রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে নিশ্চিত হওয়া যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
মো.মীমরাজ হোসেন/এসএইচএ
