নওগাঁর বদলগাছীতে খাড়িতে (খালের সংকীর্ণ অংশ) গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) ও তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার খাড়িতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আপাতত মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মনিরুল ইসলাম শামীম/আরএআর
