বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে। 

পরিবার ও স্থানীয় বাসিন্দারা সূত্রে জানা যায়, জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলধুলা করছিল। হঠাৎ তার দেখা মিলছিল না। এতে আশপাশ ও সম্ভাব্য স্থান খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে সে নিখোঁজ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ ঘরের পাশের পুকুরে ভেসে ওঠে। পরে জান্নাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

প্রতিবেশি জামাল উদ্দিন বলেন, মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। তাদের ঘরের পাশের পুকুরটি কুচুরিপানায় ঢাকা রয়েছে। সবার অগোচরে সে ওই পুকুরে পড়ে ডুবে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। শুনেছি সে দীর্ঘক্ষণ পানিতে ডুবেছিল। আমরা তাকে মৃত পেয়েছি। 

হাসান মাহমুদ শাকিল/এএমকে

বিজ্ঞাপন