বিজ্ঞাপন

শরীরে বিশেষ কায়দায় লুকানো ছিল দেড় কোটি টাকার স্বর্ণের বার

শরীরে বিশেষ কায়দায় লুকানো ছিল দেড় কোটি টাকার স্বর্ণের বার

যশোরে সাড়ে চার পিস স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামে এক চোরাচালানকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাননাথ মন্ডলের ছেলে। তার কাছ থেকে উদ্ধার স্বর্ণের ওজন ৬৮০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয় বিজিবি। সেখান থেকে সুমন মন্ডলকে আটক করে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার শরীরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ৪টি সম্পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮শ টাকা।

গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো তিনি ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ

বিজ্ঞাপন