রাজশাহী মহানগরীতে বসছে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা। ফলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ ছাড়াও ডিজিটাল নিরাপদ শহর গড়ে তোলার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। জনগণের চাহিদার ভিত্তিতে আমরা কাজ করতে চাই। নগরবাসীর নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হলো। নিরাপদ ও শান্তির মহানগরী গড়তে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশন প্রদত্ত অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রেভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন করে নগরীর ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আরও নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়ার ক্ষেত্রে রাজশাহী নগরী আরও এক ধাপ এগিয়ে যাবে। সিসি ক্যামেরাগুলো প্রদান করায় রাাসিক প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপপুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) আবুল কালাম সাহিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান।
শাহিনুল আশিক/এএমকে