নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় বৃদ্ধা সাফিয়া বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা আরেকটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে সাফিয়া বেগমের ঘরে প্রবেশ করে রুবেল প্রধান। ওই সময় বৃদ্ধা একা ছিলেন। আসামি তার পরনে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সাফিয়া বেগম বাধা দিয়ে চিৎকার করলে রুবেল ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ রুবেল প্রধানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন। পাশাপাশি দণ্ডবিধির ৩৯২ ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেন।
মেহেদী হাসান সৈকত/আরএআর
