বিজ্ঞাপন

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে কর খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। গত অর্থবছরে এ খাতে আয় ছিল ৪০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এবার কর খাতে সম্ভাব্য আয় প্রায় দ্বিগুণ ধরা হয়েছে।

তবে আগামী ডিসেম্বর পর্যন্ত বহুতল ভবন ছাড়া অন্যান্য বাসাবাড়ির কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

বাজেট ঘোষণাকালে প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, নবগঠিত সিটি করপোরেশনের প্রথম বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে নগরবাসীর নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় খাতগুলো চিহ্নিত করে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে সিটি করপোরেশনের নিজস্ব রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে নয়, বরং কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং করের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা হবে। নগরবাসী যাতে সিটি করপোরেশন থেকে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য অপসারণ কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মান বাড়াতে বিভিন্ন পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় যানবাহন ক্রয় এবং নগরীতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিন ধরে বগুড়া নানা দিক থেকে অবহেলিত ছিল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এই শহরের যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, দীর্ঘ সময়েও তা হয়নি। বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার মধ্য দিয়ে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর পর বগুড়াবাসী একটি ভালো মানের বাজেট পেল। এই বাজেটের মাধ্যমে নগরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

রেজাউল করিম বাদশা বলেন, বাজেট ঘোষণা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর সঠিক বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নগরের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে নাগরিকদের চাহিদা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। বগুড়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন ও নগরবাসীকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বগুড়ার উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে। সময়ের প্রয়োজন ও বাস্তবতার আলোকে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সিটি করপোরেশনের মাধ্যমে নাগরিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি নগরের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে গত ২০ এপ্রিল দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলো।

আব্দুল মোমিন/এএমকে

বিজ্ঞাপন