বিজ্ঞাপন

ওষুধ মনে করে কীটনাশক পান, প্রাণ গেল বৃদ্ধের

ওষুধ মনে করে কীটনাশক পান, প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ মনে করে কীটনাশক পান করার পর শাহ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলী কুশলনগর উত্তরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , শাহ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তার ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। আজ বিকেলে ঘরের ভেতরে থাকা ওষুধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতলটিকেই নিজের নিয়মিত খাওয়ার ওষুধ বলে পান করে ফেলেন তিনি। ওই সময় বাড়িতে কোনো লোকজন ছিলেন না। ঘটনার কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে দেখেন, শাহ আলী মাটিতে পড়ে আছেন এবং তার মুখ দিয়ে ফেনা উঠছে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, আমার চাচার পরিবারের কারো সাথে তার কোনো ধরনের সমস্যা ছিল না। বৃদ্ধ বয়সের কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আজ বিকেলে শাহ আলী নামের এক বৃদ্ধকে তার পরিবারের লোকজন আমাদের এখানে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখি উনি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

বাঁধন হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন