নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বেলবাড়ি গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মণ্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকায় করে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান আব্দুল মণ্ডল। ঘাস কাটা শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।
এ সময় তার স্ত্রী স্থানীয়দের ডাকলে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩ ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
মনিরুল ইসলাম শামীম/এমএমবি
