বিজ্ঞাপন

ফরিদপুরে সেপটিক ট্যাংকে পাওয়া গেল নারীর দেহাবশেষ

ফরিদপুরে সেপটিক ট্যাংকে পাওয়া গেল নারীর দেহাবশেষ

ফরিদপুরের মধুখালীতে একটি টয়লেটের সেপটিক ট্যাংকের স্ল্যাবের নিচ থেকে এক নারীর বস্তাবন্দি দেহাবশেষ পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ি থেকে এটি উদ্ধার করে মধুখালী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বিষয়টি  ধরা পড়ে। বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলে মো. আলী আকবর মণ্ডলের (৮০) স্ত্রী মোছা. রওশনা বেগম (৫৫) জানান, ভোর প্রায় ৫টার দিকে তিনি বাথরুমে গেলে স্ল্যাবের ওপর দাঁড়ালে অস্বাভাবিক মনে হয়। এ ছাড়া ওপরের স্লাবটিও অসমান দেখেন। বিষয়টি তিনি স্বামীকে জানালেও প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি। পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্বজনদের জানান। দুপুর প্রায় ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মধুখালী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। 

তিনি বলেন, বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের অংশ পাওয়া গেছে এবং হাড়গুলোর বিভিন্ন জোড়া বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান বলেন, কঙ্কালের সঙ্গে বেশকিছু বড় চুল দেখে আমরা ধারণা করছি, এটি কোনো নারীর কঙ্কাল। এ ছাড়া প্রাথমিকভাবে আমাদের ধারণা, অন্য কোনো জায়গা থেকে হয়তো কঙ্কালটি ওই টয়লেটের সেপটিক ট্যাংকে এনে কেউ ফেলে গেছেন।

তিনি বলেন, কঙ্কালের ডিএনএ টেস্ট করে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারবো। এজন্য কঙ্কালটি রোববার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কঙ্কালের পরিচয় শনাক্তের পাশাপাশি আমরা সার্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

জহির হোসেন/এএমকে