বিজ্ঞাপন

ফেনী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ৪ জনকে ফেরাল বিজিবি

ফেনী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ৪ জনকে ফেরাল বিজিবি

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলের দিকে উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বিএসএফের সহায়তায় এক নারী ও তিন শিশুসহ মোট চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে কেতরাঙ্গা বিওপির নিয়মিত টহলদল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির আভিযানিক কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে, শনিবার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তে ছয় নারী ও এক শিশুসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। ওই ঘটনাও বিজিবির টহলদল প্রতিহত করে। 

তারেক চৌধুরী/এএমকে

বিজ্ঞাপন