বিজ্ঞাপন

কক্সবাজারে আ.লীগের গোপন সমাবেশ, ১১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে আ.লীগের গোপন সমাবেশ, ১১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন সমাবেশ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে পুলিশ। 

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (২৬ জুলাই) দুপুরে কুতুপালং বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদে জানতে পারে পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের বাড়িতে নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন।

এজাহারে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের স্লোগান ও কর্মকাণ্ড থেকে পুলিশ নিশ্চিত হয় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। 

তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল এবং নাশকতার পরিকল্পনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষড়যন্ত্র করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে উখিয়া থানার একাধিক টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া (৪২) এবং আবু নাসের মোহাম্মদ ইমরানকে (২৪) আটক করা হয়। অন্যরা বিভিন্ন দিকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির জিজ্ঞাসাবাদে বৈঠকে অংশগ্রহণ এবং অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

মামলায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে কথিত এই সমাবেশের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঘটনা জানাজানি হলে পালংখালী স্টেশন এলাকায় অনুষ্ঠিত মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

এসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি কথিত সেই সমাবেশে অংশগ্রহণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ