কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে সিয়াম (১৯) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এসব রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সিয়াম উপজেলার চন্ডিপাশা গ্রামের মকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের টিফিন বিরতির সময় অভিযুক্ত সিয়াম বিদ্যালয় মাঠে প্রবেশ করে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিন আক্তার পাকুন্দিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এসব সাজা দেন বিচারক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।
সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ
