তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে বিপুল তথ্যপ্রবাহের মধ্যে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য শনাক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সাংবাদিকতা ও গণমাধ্যম একটি নতুন পর্বে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে সাংবাদিকতা পেশা। এই পেশাটি এতই চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যে, কোনো রাষ্ট্র বা সরকার নিঃস্বার্থভাবে সাংবাদিকদের অর্থ দিয়ে রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে সেই অর্থ ব্যয় করবে এবং সেই ব্যয়ের একটি নিয়মতান্ত্রিক কাঠামো তৈরি হবে-এমন পরিস্থিতি এখনও পৃথিবীর কোথাও সৃষ্টি হয়নি। যে সমস্ত শিল্পপতিরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চান, তারা স্বাভাবিকভাবেই মুনাফার জন্য বিনিয়োগ করবেন। সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা করবে-এমন কোনো কাঠামো এখনও কোথাও তৈরি হয়নি।
তিনি বলেন, গণমাধ্যম খাতকে আরও সুশৃঙ্খল ও পেশাদার করতে সাংবাদিকতার একটি সুস্পষ্ট সংজ্ঞা এবং সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে। সেই তথ্যের ভিড়ে নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ বেছে নেওয়াই সাংবাদিকদের অন্যতম বড় দায়িত্ব। এ কারণে সাংবাদিকতা পেশার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণ সময়ের দাবি।
মন্ত্রী বলেন, এই সংজ্ঞা ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
তিনি আরও বলেন , গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ ও সাংবাদিকতার মানোন্নয়নে সরকার একটি টেকসই ও স্বচ্ছ কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সামগ্রিক নীতিমালা প্রণয়নের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক গণমাধ্যমের টিআরপি নির্ধারণ প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম দূর করে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের মান রক্ষা এবং সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএইচএ
