ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বপরিকল্পিতভাবে মাছের ঘেরে ডেকে নিয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নিহত মহিদুজ্জামান গফরগাঁও উপজেলার বাগবেড এলাকার মোজাম্মেলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহিদুজ্জামানকে মুঠোফোনে গফরগাঁও থানার বাগবেড এলাকার তার নিজস্ব ফিসারিতে ডেকে নেওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩৫) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি গফরগাঁও উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে মহিদুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত তোফাজ্জলের বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় ২টি ঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
