বিজ্ঞাপন

জামালপুর জেলা এনসিপির আহ্বায়ক পদ শূন্য ঘোষণা

জামালপুর জেলা এনসিপির আহ্বায়ক পদ শূন্য ঘোষণা

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকালে কেন্দ্রীয় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ২০২৫ সালের ২০ নভেম্বর অ্যাডভোকেট মো. সাদুল্লাহেল মামুনকে আহ্বায়ক ও ডা. মো. মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে জামালপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন এনসিপির  সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর থেকেই অ্যাডভোকেট মো. সাদুল্লাহল মামুন ও ডা. মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে এনসিপির জামালপুর জেলা শাখার সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এরপর আজ সোমবার বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বক্ষরিত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জামালপুর জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হলো। একই সাথে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে বর্তমান যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী আদেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মো. মোশাররফ হোসেন বলেন, আমাদের কেন্দ্রের পক্ষ থেকে শামীম সাহেবকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। আমি বিশ্বাস করি তিনি তার নেতৃত্বে জামালপুর জেলা এনসিপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক দলে পরিণত করবে। আমি সদস্য সচিব হিসেবে নতুন আহ্বায়কের সঙ্গে সমন্বর করে দলকে আরও গতিশীল করতে কাজ করব।

অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম বলেন, আমাকে জামালপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত সম্মান নয় বরং একটি বড় দায়িত্ব। আমি দলের সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা। আমি বিশ্বাস করি সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সক্ষম হব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধন্য দিয়ে আমি এ দলকে এগিয়ে নিয়ে যাব।

বাঁধন হোসেন/আরএআর