বিজ্ঞাপন

সাইবার বুলিংয়ের অভিযোগে সেই শিক্ষিকার জিডি

সাইবার বুলিংয়ের অভিযোগে সেই শিক্ষিকার জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার, হয়রানি ও সাইবার বুলিংয়ের অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৭ জুলাই) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা বিউটি রাণী পালের একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শাড়ি পরা অবস্থায় একটি বাংলা গানের সঙ্গে তাকে বিভিন্ন ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ তুলে থানায় জিডি করেন প্রধান শিক্ষিকা। অভিযোগে কয়েকটি ফেসবুক আইডির মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় ও সম্মানহানি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের করা জিডিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগে কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষিকাকে অপমানজনক ও সম্মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, অভিযোগে উল্লেখ করা ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে সেগুলো আইটি ফরেনসিকে পাঠানো হয়েছে। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এবং ‘ইব্রাহিম খলিল’ নামের আইডির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভাইরাল ভিডিও নিয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন হয়েছে কিনা, সেটিই প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিক পর্যালোচনায় আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মাসুদ আহমদ রনি/এসএইচএ