কাপ্তাই হ্রদে চলমান মাছ আহরণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। কাচকি মাছ সংরক্ষণ ও পর্যাপ্ত বৃদ্ধি নিশ্চিত করতে আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ আগস্ট থেকে জেলেরা আবারও হ্রদে মাছ ধরতে পারবেন।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত সভায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, হ্রদে বর্তমানে কাচকি মাছের আকার প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর প্রস্তাব দেন। পরে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে জেলা প্রশাসন এ প্রস্তাব অনুমোদন করে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকবে। এরপর ১১ আগস্ট থেকে জেলেরা পুনরায় কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে পারবেন।
এর আগে কার্পজাতীয় মাছের নিরাপদ প্রজনন এবং কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে ১০ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি হেলাল উদ্দিন ননা, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম সুমন, জেলে প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল রাজু/আরএআর
