সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও তার মাকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজ করার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাপলা আহমেদ।
পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ সময় দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব বলেন শাপলা আহমেদ।
তিনি অভিযোগ করে বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগালি এবং আমার স্বামীর পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে আমার সম্মানহানির শামিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সংক্রান্ত একটি কল রেকর্ড ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুকে পোস্ট করেন, যাকে কেন্দ্র করে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ করেন তিনি।
শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে গত ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগও দায়ের করেন তিনি।
এ সময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান/আরএআর
