বিজ্ঞাপন

বেড়ানো শেষে নতুন বউ নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

বেড়ানো শেষে নতুন বউ নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগে সৌদি প্রবাসী ইয়ামিনের সঙ্গে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের সঙ্গে মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইমন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে ঘরে তুলে নেন। সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুরবাড়ি থেকে বেড়ানো শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই মহাসড়কের ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএমকে

বিজ্ঞাপন