বিজ্ঞাপন

প্রবাসীর বাড়ির সেফটিক ট্যাংকে বিস্ফোরণ, ককটেল মজুদের সন্দেহ পুলিশের

প্রবাসীর বাড়ির সেফটিক ট্যাংকে বিস্ফোরণ, ককটেল মজুদের সন্দেহ পুলিশের

শরীয়তপুরের জাজিরায় একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির সেফটিক ট্যাংক ফেটে যায়। ঘটনাস্থলের আশপাশে বিস্ফোরকসদৃশ বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, বাড়ির সেফটিক ট্যাংকটি বিস্ফোরণে ফেটে গেছে। এ সময় ট্যাংকের আশপাশে বিস্ফোরকসদৃশ বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাজিরা থানা পুলিশ।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে সেফটিক ট্যাংকের ভেতরে আগে থেকেই বিপুল পরিমাণ ককটেল লুকিয়ে রাখা ছিল। সেগুলো বিস্ফোরিত হওয়ার ফলে এ ঘটনা ঘটেছে। তবে বাড়ির মালিক প্রবাসে থাকায় কীভাবে বা কারা এসব ককটেল সেখানে রেখেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত ককটেলগুলো আগে থেকেই সেখানে রাখা ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন দাস/আরকে