বিজ্ঞাপন

ফসলি জমি থেকে কাটা মাটি জব্দ, আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

ফসলি জমি থেকে কাটা মাটি জব্দ, আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবৈধভাবে কেটে ট্রলারে বোঝাই করা ফসলি জমির মাটি জব্দের পর তা পুনরায় আগের স্থানে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমির ক্ষতি আংশিকভাবে পুষিয়ে দিতে সোমবার (২৭ জুলাই) রাতে এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে অবহিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার একো কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখা নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।

বেতকা সেতু এলাকা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে তোলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটিবোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারায় সংঘটিত অপরাধের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী দুই দফায় তাদের মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, জব্দ করা মাটি সোমবার পুনরায় আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে ফসলি জমির ক্ষতি যতটা সম্ভব পুনরুদ্ধার করা যায়। 

প্রশাসনের এ পদক্ষেপে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু জরিমানা নয়, জব্দকৃত মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার ফলে কৃষিজমি রক্ষায় কার্যকর উদ্যোগের দৃষ্টান্ত তৈরি হয়েছে। তারা ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

ব.ম শামীম/আরকে