বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম সরোয়ার হিরুর স্ত্রী ও পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।
পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হয়ে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি পাথরঘাটার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক কার্যক্রমে তার বৈচিত্র্য ছিল। ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হলেও বিভিন্ন সময়ে তিনি বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত হন।
পরবর্তীতে গোলাম সরোয়ার হিরু ২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে সে নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। এরপর ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। ওই সময় বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনারও সৃষ্টি হয়।
সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু ১৯৪৯ সালের ৩০ আগস্ট পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ওই ইউনিয়নে আহের উদ্দিন হাওলাদারের ছেলে।
মো. আব্দুল আলীম/এএমকে
