রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) দুইমাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ধর্ষণ আইনের ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় আরপিএমপি হারাগাছ পুলিশ।
মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় অভিয়ুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই জাগরন পাগড়ার তারিকুল ই্সলামের ছেলে।
মামলার বরাত দিয়ে এসআই রুহুল আমীন জানান, অভিযুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস বিবাহিত। বিয়ের বিষয়টি গোপন করে ১৮ বছরের এক কিশোরী ছাত্রীকে হারাগাছ থেকে রংপুরে কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে আজমাইন ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসআপে কথাকপনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বছরের ২ ডিসেম্বর আজমাইন মেয়েটিকে বিয়ের করার কথা বলে রংপুরে আদালতের পাশে লেকের পাড়ে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে জানায় তাদের দুইজনের বিয়ে হয়েছে। পরে ওইদিন হারাগাছ ধুমগড়া এলাকায় জনৈক্য ব্যক্তির বাড়িতে মেয়েটিকে নিয়ে স্ত্রী হিসেবে সারারাত ধর্ষণ করেন আজমাইন। এরপর বিভিন্ন স্থানে মেয়েটিকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
পরে মেয়েটির বিয়ের কাবিন নামার কাগজ দেখতে চাইলে বিভিন্ন তালবাহানা করেন আজমাইন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২৪ এপ্রিল মেয়েটি সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যায়। সেখানে আজমাইন মেয়েটিকে জানান, তিনি বিবাহিত, মেয়েটিকে বিয়ে করতে পারবেন না। প্রতারণা করে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে যৌনমিলন করেছেন বলে মেয়েটিকে জানান তিনি। মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করে। এ সময় আজমাইন মেয়েটিকে জানান টাকা নিয়ে ঘটনা যেন আর কাউকে না বলে এবং এ বিষয়ে তাকে বিরক্ত করলে গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন।
মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে ৬ মে মেয়েটি বাদী হয়ে রংপুর আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে ১২ মে আজমাইন আব্দুল্লাহ উৎসের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণ মামলা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। কিন্তু আজমাইন গা ঢাকা দেন। প্রায় দুইমাস চেষ্টা চালিয়ে অবশেষে সোমবার র্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর থানাধীন এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে হারাগাছ থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
