বিজ্ঞাপন

কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এসময় অজগরটি দেখে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সকালে চর কৃষামত ফুলবাড়ী এলাকায় হঠাৎ অজগরটি দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ সাপটি দেখতে ভিড় করেন। এ সময় অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। 

পরবর্তীতে স্থানীয়রা অজগরটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া বলেন, আমাদের এলাকায় আগে কখনো এত বড় অজগর দেখিনি। এত বড় সাপ দেখে ভয় পেয়েছি।

কুড়িগ্রামের জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

মমিনুল ইসলাম বাবু/এমএমবি