বিজ্ঞাপন

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।

মামলা সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনাকালে পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে সংসারে আর্থিক সহযোগিতা করতেন।

২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।

ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূর তাজ আলম বাহার বলেন, মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম/এমএমবি