মাগুরার শ্রীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজিয়া সুলতানা ওই গ্রামের আনছার আলী মোল্লার মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী মো. শাজাহান শেখের স্ত্রী।
রাজিয়া সুলতানা জানান, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। তিনি ২ সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার রাতে সন্তানদের নিয়ে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। পাশের একটি কক্ষের খোলা জানালা দিয়ে বাঁশের কঞ্চি ব্যবহার করে দরজার ছিটকিনি খুলে ২ জন ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল।
তিনি বলেন, একজন তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখে এবং অন্যজন তার হাত ও মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা কোথায় রাখা আছে তা জানতে চায়। তিনি জানাতে অস্বীকৃতি জানালে তার ২ সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে আলমারি ও ওয়ারড্রোব তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, অনেক কষ্ট করে এই স্বর্ণালংকার গড়েছিলাম। এখন সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তাছিন জামান/এমএমবি
