বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার ভেতরে মিয়ানমারের গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের আওতাভুক্ত বলে জানা গেছে।

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মকতুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম আরও ৩ জনের সঙ্গে প্রায়ই মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করতেন। আজ মঙ্গলবারও সীমান্ত অতিক্রম করার পর হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্য ৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।

ইফতিয়াজ নুর নিশান/এমএমবি