বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সব উন্নয়নকাজ একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সবই করতে চাই, কিন্তু আমাদের হাত-পা বাঁধা। পর্যাপ্ত বরাদ্দ নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়েই যতটুকু সম্ভব ততটুকুই করবো।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে এবং জনগণের সমস্যা সম্পর্কে সরকার অবগত। এ বছর বড় পরিসরে উন্নয়ন সম্ভব না হলেও আগামী বছর আরও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশা করছেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সমন্বয়ে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সরকারের উন্নয়ন কার্যক্রমে আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সব এলাকায় একযোগে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।
পরিদর্শনকালে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
মো. নাইমুর রহমান তালুকদার/এমএমবি
