দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার এক দিনের মাথায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আবু হানিফ নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আটটার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন একটি ভবনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, নিহত আবু হানিফের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত ইয়াকুব মুন্সীর ছেলে। ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজির পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন। গত ২৫ জুলাই থেকে এই পুলিশ কর্মকর্তা পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আবু হানিফের স্ত্রী বাক্প্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল-বোঝাবুঝি ও দাম্পত্য কলহের জেরে গত সোমবার তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাসায় একা থাকা অবস্থায় নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মেহেদী হাসান সৈকত/বিআরইউ
