সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মঙ্গলবার বিকেল চারটার দিকে শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে ওই তিনজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, ‘দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।’
ইব্রাহিম খলিল/বিআরইউ
