মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাতেহা একই উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফাতেহাকে নিয়ে তার মা সুমি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় সবার অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। একপর্যায়ে শিশুটির নিথর দেহ পানিতে ভেসে ওঠে। পরে স্বজনেরা ফাতেহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সবার অগোচরে সে পানিতে ডুবে মারা যায়। ঘটনাটি দুঃখজনক।’
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নেওয়া হবে।’
হাসান মাহমুদ শাকিল/বিআরইউ
