কুমিল্লার হোমনায় সাব রেজিস্ট্রারকে অফিস ছেড়ে যাওয়ার হুমকি ও অন্যান্য অসদাচরণের অভিযোগে ৬ দলিল লেখকের সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) কুমিল্লার জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের সনদ স্থগিত করা হয়।
সনদ স্থগিত হওয়া দলিল লেখকরা হলেন, হোমনা উপজেলার দলিল লেখক আব্দুল লতিফ (সনদ নম্বর-১০৪), দলিল লেখক মো. হাবিবুর রহমান (সনদ নম্বর- ১৮২), দলিল লেখক মো. দুধ মিয়া (সনদ নম্বর-১১৬), দলিল লেখক মো. মাইনুদ্দিন (সনদ নম্বর- ১৩৪), দলিল লেখক মো. অলি উল্যাহ (সনদ নম্বর -১৪৮) এবং দলিল লেখক আব্দুল অদুদ (সনদ নম্বর- ১৭৪)।
কুমিল্লার জেলা রেজিস্ট্রার মনিরুল হসডান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, হোমনা উপজেলার সাব রেজিস্ট্রার দুই মাসের ট্রেনিংয়ে আছেন। তার স্থলে তিতাস উপজেলার সাব রেজিস্ট্রার মো. শরীফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে হোমনায় সাব রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়। গত ২৬ জুন ৬ দলিল লেখক একটি দলিলের জন্য সাব রেজিস্ট্রার শরীফুল ইসলামকে চাপ প্রয়োগ করেন। কাগজপত্রের ঘাটতি থাকায় দলিল করতে অনীহা প্রকাশ করেন সাব রেজিস্ট্রার শরীফুল। এসময় ৬ দলিল লেখক সাব রেজিস্ট্রার শরীফুলের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে সাব রেজিস্ট্রার শরীফুলকে অফিস ছেড়ে চলে যেতে বলেন। এ ঘটনায় সাব রেজিস্ট্রার শরীফুল ইসলাম জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানালে চলতি জুলাই মাসের ৫ তারিখ জেলা রেজিস্ট্রার মনিরুল হাসান ৬জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। পরবর্তীতে ১৪ জুলাই ৬ দলিল লেখক নোটিশের লিখিত জবাব দেন। তাদের জবাব যথাযথ মনে না হওয়ায় জেলা রেজিস্ট্রার আজ বুধবার তাদের সনদ স্থগিত করেন।
জেলা রেজিস্ট্রার মনিরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ৬ দলিল লেখককে সাব রেজিস্ট্রারের সঙ্গে খারাপ আচরণ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের দেওয়া জবাব সঠিক মনে হওয়ায় তাদের সনদ স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের সনদ স্থগিত থাকবে।
আরিফ আজগর/আরকে
