বিজ্ঞাপন

নীলফামারীতে মোঘল আমলের মসজিদের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

নীলফামারীতে মোঘল আমলের মসজিদের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মসজিদটির দানবাক্স খুলে এ টাকা গণনা করা হয়।

জানা যায়, জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এসময়ে দানবাক্স থেকে পাওয়া নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকার পাশাপাশি গত ৬ মাসে হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, স্বর্ণসহ বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়েছে।

এ বিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জোহরের নামাজের পর সভাপতির উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে। দানবাক্সে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া ৬ মাসে বিভিন্ন দানসামগ্রী থেকে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকাসহ মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।

শাহজাহান ইসলাম লেলিন/এমএমবি