পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় মেয়ের চোখের সামনে সিমেন্টবাহী একটি টমটমের চাপায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছোট মেয়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন হোসনেয়ারা বেগম। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে সিমেন্টবাহী একটি টমটম এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে টমটমটির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমের চালককে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. ফারুক শরীফ বলেন, স্ত্রী ছোট মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসা দেখতে বের হয়েছিলেন। লতিফ স্কুল রোড এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে টমটম ও এর চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহাইব মাকসুদ নুরনবী/এমএমবি
