ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। আহত আতাউল্লাহ (১৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলটি আইঙ্গন সেতুর কালিয়াকৈরমুখী লেনে একটি মাটিবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থাকা ৩ স্কুল ছাত্র গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিম ও অনিককে মৃত ঘোষণা করেন। আহত আতাউল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাটিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লোটন আচার্য্য/এমএমবি
