বিজ্ঞাপন

নওগাঁয় বাস চাপায় শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বাস চাপায় শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ. ত. ম. ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন শিক্ষক ইউসুফ। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কের ওপর পড়ে যান।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মনিরুল ইসলাম শামীম/এমএমবি