ঢাকার ধামরাইয়ের ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কম্ফোটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯ টা ৪৪ মিনিটে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ওই কারখানায় আগুনের সূতপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন ঢাকা পোস্টকে জানান, সকাল ৯টা ৪৪ মিনিটে কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় কম্ফোটার তৈরির কারখানা আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনে কারখানার ভেতরের কাঁচের গ্লাস ভেঙে পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ
