বিজ্ঞাপন

নতুন কর ছাড়াই নাসিকের রেকর্ড ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট

নতুন কর ছাড়াই নাসিকের রেকর্ড ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট

নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এটি নাসিকের ১৫তম বাজেট এবং প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বাজেট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। ফলে অর্থবছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা করছে সিটি করপোরেশন।

গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সে তুলনায় এবার বাজেটের আকার প্রায় ২৮৬ কোটি টাকা বেড়েছে।

বাজেট ঘোষণাকালে প্রশাসক বলেন, এবারের বাজেটে নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে রাস্তা ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চালু, কদমরসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণ, ২৭টি ওয়ার্ডে ৫৪টি পানির পাম্প স্থাপন, হকার পুনর্বাসন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রায় পাঁচ হেক্টর জায়গাজুড়ে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, বাজেট বাস্তবায়নে নাসিকের নিজস্ব আয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক অর্থায়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হবে।

তিনি বলেন, নতুন করে কর বৃদ্ধি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং নতুন আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে নগর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে নাগরিক সেবার মানোন্নয়ন ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সব ধরনের ফি নির্ধারিত সময়ে পরিশোধের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ