বিজ্ঞাপন

কর না বাড়িয়ে বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

কর না বাড়িয়ে বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

কোনো ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। প্রস্তাবিত এ বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নারী ও শিশু কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুলাই) বিকালে নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও নাগরিক সেবার মান উন্নত করতে কর বৃদ্ধি ছাড়াই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। 

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, নারী ও শিশুবান্ধব একটি স্মার্ট মহানগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা। সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকায়।

প্রশাসক জানান, নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে জেলখাল, আমানতগঞ্জ, সাগরদী ও লাকুটিয়া খাল পুনঃখনন এবং খালের পাড় সংরক্ষণের জন্য ৭৬৯ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া কীর্তনখোলা নদীর পশ্চিম তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৫৩৩ কোটি টাকার আরেকটি প্রকল্পও প্রস্তাব করা হয়েছে।

বিশুদ্ধ পানি সরবরাহে নতুন উদ্যোগ

বাজেট বক্তৃতায় জানানো হয়, রূপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইতোমধ্যে চালু হয়েছে এবং বেলতলা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর প্রস্তুতি চলছে। ভবিষ্যতের পানির চাহিদা বিবেচনায় কীর্তনখোলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্যও উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নতুন পানির পাইপলাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। 

গত অর্থবছরে ১ হাজার ৬৪টি নতুন পানির সংযোগ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংযোগের আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা চালু হয়েছে। আগামী অর্থবছরে নগরীতে পানির এটিএম বুথ স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

প্রতিদিন প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করছে বরিশাল সিটি করপোরেশন। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে বলেও জানিয়েছেন বিসিসি প্রশাসক। 

এছাড়া চারটি ডাম্প ট্রাক, একটি মেডিকেল বর্জ্যবাহী কম্প্যাক্টর ট্রাক এবং একটি ভ্যাকুয়াম ট্রাক সংগ্রহ করা হয়েছে। গত ঈদুল আজহায় সরকারি নির্ধারিত ১২ ঘণ্টার পরিবর্তে মাত্র ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সফলতার কথাও তুলে ধরা হয় এই বাজেট অনুষ্ঠানে। 

বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মার্কেট, অসচ্ছল নারীদের আইনি সহায়তা এবং কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের জন্য গ্রিন সিটি পার্ক সংস্কার, নতুন রাইড স্থাপন, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্যও বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী অর্থবছরে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধনে নতুন ফোয়ারা, পার্ক উন্নয়ন, আলোকসজ্জা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি মানচিত্রভিত্তিক ভাস্কর্য নির্মাণের উদ্যোগের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

ডিজিটাল নাগরিকসেবার সম্প্রসারণ

কর আদায়, ট্রেড লাইসেন্স, ভবনের নকশা অনুমোদন, ভূমি ব্যবহার ছাড়পত্রসহ বিভিন্ন নাগরিকসেবা পর্যায়ক্রমে অনলাইনে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে সেবার গতি বাড়বে এবং নাগরিক হয়রানি কমবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন। 

দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৪২ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং সড়ক, ৪ দশমিক ৫ কিলোমিটার আরসিসি সড়ক, ৮ দশমিক ৫ কিলোমিটার সিসি সড়ক এবং ১৬ দশমিক ৫ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, নগরীর আলোকায়নের জন্য প্রায় ২৪ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকার একটি প্রকল্পও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ১৬ হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি এবং ২০ হাজারের বেশি নতুন সড়কবাতি স্থাপন করা হবে।
 
গত অর্থবছরে ১০ হাজার ৪৭৯ জন নারী ও শিশুকে নিয়মিত টিকা দেওয়া হয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৪৩ হাজার ৮৫০ জন এবং ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৫৮ হাজার ৫৫৭ জন শিশুকে সেবা দেওয়া হয়েছে।

আগামী অর্থবছর থেকে নগরীর তিনটি জোনে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয়। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভবন সংস্কারের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতার সমাপনী বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং অপচয় রোধের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে। তিনি নগরবাসী, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, কর বৃদ্ধি না করেও নগরবাসী আগের চেয়ে আরও উন্নত নাগরিক সুবিধা পাবেন। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তুলতে চাই।

আরিফ হোসেন/এসএইচএ