লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মামুনুর রশীদ।
গ্রেপ্তারকৃত খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্বভেলাবাড়ী এলাকার ছকমল মিয়ার ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
লালমনিরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গত ২৫ জুন ভেলাবাড়ী এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন হৃদয় ও খোকন মিয়া নামের দুইজন। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেল ও মাদকসহ হৃদয়কে ঘটনাস্থল থেকে আটক করে। তবে খোকন সে সময় কৌশলে পালিয়ে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএইচএ
