ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, সন্ধ্যায় আফরোজা খাতুন রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে দ্রুত এসে রাইস কুকারের ঢাকনা খুললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় রাইস কুকারের গরম পানি তার শরীরের ওপর পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আফরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই আফরোজা খাতুনের মৃত্যু হয়েছিল।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
সম্রাট হোসেন/এনটি
