বিজ্ঞাপন

কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

কিশোরগঞ্জে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা এনসিপি এ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা শহরের আখড়াবাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার ও মশাল বহন করেন এবং হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

এতে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, যুব শক্তির সদস্য সচিব যুবায়ের আহমেদ, ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইব্রাহিম, সদস্য সচিব তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ চলাকালে হবিগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দলের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের চোখে গুরুতর আঘাত লাগে, একজন দৃষ্টিশক্তি হারান এবং আরেকজনের হাত ভেঙে দেওয়া হয় বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি।

সাখাওয়াত হোসেন হৃদয়/এনটি