ফরিদপুর সদর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান ডাঙ্গী মহল্লার বাসিন্দা সামেলা বেগম (৬৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছেলে রহিম শেখকে (৩২) আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনার আট ঘণ্টা পর ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লহরপাড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে তাকে আটক করে পুলিশ।
এই অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত। সুকান্ত দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আমরা জানতে পারি, ১০ বছর আগে সৎ মাকে হত্যার পরও সে এই এলাকাতেই আত্মগোপন করেছিল। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। সামেলা বেগম হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শাহিন শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রহিম শেখ তার মা সামেলা বেগমকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান। নিহত সামেলা বেগম ওই এলাকার বাসিন্দা মৃত মুদি ব্যবসায়ী আকবর শেখের স্ত্রী। ১০ বছর আগে রহিম শেখ তার সৎ মাকে একই প্রক্রিয়ায় হত্যা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রহিম শেখ ছয় বছর কারাভোগ করে চার বছর আগে জামিনে বের হন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রহিম শেখ মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।
জহির হোসেন/এনটি
