বিজ্ঞাপন

ঝালকাঠিতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠিতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠির রাজাপুরে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। থ্রি হুইলারের চালকও পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি - ভান্ডারিয়া মহাসড়কের রাজাপুর অংশের বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বরিশাল এক্সপ্রেস নামের একটি পরিবহন ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভান্ডারিয়াগামী একটি সিএনজিচালিত থ্রি হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন আরও চারজন।

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন– পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে মেহেদী (২৪) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা, বরিশালের চরমোনাই মাদরাসার কোরআন শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের শিক্ষক এবিএম আব্দুর রহিম।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

মো. শাহীন আলম/বিআরইউ