বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী উপজেলার শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শাহজাহান আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস শাহজাহান আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল মোমিন/বিআরইউ
